রাজশাহী সিল্ক শাড়ির ওপর ট্রেসিং পেপার রেখে একটি ময়ূরের ছাপ দিচ্ছিলেন নাসিমুল। পাশেই বসে দেখছিলেন কয়েকজন গৃহস্থ নারী। তাঁরা এই নকশা ধরেই সুই-সুতায় বুনবেন নানা রঙের কাপড়। সব কাজ শেষে সাধারণ এই শাড়ির আঁচলে চোখ ঝলসানো রঙের পেখম মেলবে ময়ূর।জামালপুর সদরের ‘মহৎ হস্তশিল্প’র তৈরি এই শাড়ি কয়েক হাত ঘুরে চলে যাবে রাজধানীর কোনো শৌখিন নারীর কাছে।
নিপুণ নকশার এমন শাড়ি, থ্রি-পিস আর কাঁথা বানিয়েই ৩৫০ নারীর কর্মসংস্থান তৈরি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার হেনা খাতুন।হেনা জানান, ১৯৯৬ সালে মাত্র চারটি পাঞ্জাবি তৈরি করে যাত্রা শুরু করা ‘মহৎ হস্তশিল্প’র অধীন এখন দুটি কারখানা চালু আছে। এর একটিতে সুই-সুতায় কারুকাজ করে পণ্য বিক্রির জন্য প্রস্তুত করা হয়, অন্যটিতে চলে ব্লক-প্রিন্টের কাজ।
কারখানা দুটিতে কয়েকজন স্থায়ী কর্মী থাকলেও নকশি সেলাইয়ের মূল কাজগুলো গৃহস্থ নারীরা নিজেদের বাড়িতেই করেন।
সূত্র: প্রথম আলো