ডিজিটাল মুদ্রার জগতে মাইনিং বলতে কী বোঝায়? বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির লেনদেন যাচাই এবং নতুন মুদ্রা তৈরির একটি প্রক্রিয়া হলো মাইনিং। প্রচলিত অর্থে খনি থেকে সোনা উত্তোলনের সঙ্গে এর কিছুটা মিল থাকলেও ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পূর্ণ ভিন্ন একটি প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া।ক্রিপ্টোকারেন্সি মাইনিং হলো বিশেষায়িত কম্পিউটার ব্যবহার করে প্রুফ অব ওয়ার্ক (পিওডব্লিউ) পদ্ধতির ব্লকচেইনে নতুন ব্লক যুক্ত করার প্রক্রিয়া।
এর মাধ্যমে একগুচ্ছ লেনদেন যাচাই করে ব্লকচেইনে সংরক্ষণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্লকচেইনের নিয়ম অনুযায়ী নতুন ডিজিটাল মুদ্রাও তৈরি হতে পারে।প্রুফ অব ওয়ার্ক পদ্ধতিতে নতুন ব্লক যুক্ত করার জন্য মাইনারদের জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এ কাজে তাঁরা বিপুল কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করেন। কে সবার আগে সমস্যাটির সমাধান করতে পারবেন, তা নিয়ে মাইনারদের মধ্যে প্রতিযোগিতা চলে।
যিনি প্রথমে সঠিক সমাধান খুঁজে পান, তিনি ব্লকচেইনে নতুন ব্লক যুক্ত করার সুযোগ পান।
সূত্র: প্রথম আলো