লেখাপড়ায় বরাবরই খুব ভালো ছিলেন কলকাতার মেয়ে শর্মিলা বসুঠাকুর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করে পুরো অনুষদে প্রথম হয়ে পেয়েছিলেন স্বর্ণপদক। এরপর দীর্ধদিন অধ্যাপনা করেছেন সেই বিষয়েই। ছিলেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। লেখার প্রতি ভালোবাসা থেকেই একসময় যোগ দেন জীবনযাপনবিষয়ক সাময়িকী ‘সানন্দা’য়। ২০১৯ সালে ‘সানন্দা’র সম্পাদক পদ থেকে অবসরে যান। অবসরে গেলেও নানা রকম কাজ নিয়ে ব্যস্ত ছিলেন শর্মিলা।
ফ্যাশন ব্র্যান্ড কটনওয়ালা, ট্রাভেল উদ্যোগ ট্রাভেলওয়ালা, রান্নার ইউটিউব চ্যানেল, পপআপ রেস্তোরাঁ আর রান্নাবান্নাবিষয়ক একাধিক বই লেখার মাধ্যমে ব্যস্ত সময় কাটিয়েছেন। এর মধ্যে ২০২১ সাল থেকে স্তন ক্যানসারের সঙ্গে চলছিল লড়াই। বিভিন্ন সময় কেমোথেরাপি নিয়ে সুস্থও হয়ে উঠেছিলেন। তবে কয়েক মাস আগে আবারও অসুখটি মাথাচাড়া দেয়।
আর সেই অসুস্থতা নিয়েই গতকাল ২৭ নভেম্বর কলকাতায় মারা গেলেন লেখক, নৃত্যশিল্পী, সাংবাদিক, শিক্ষক ও উদ্যোক্তা শর্মিলা বসুঠাকুর।
সূত্র: প্রথম আলো