পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের গ্রামের বাড়িতে মাতম চলছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া গ্রামের এই তরুণ পড়াশোনার পাশাপাশি হোটেলে চাকরি করে সংসার চালাতেন। তাঁর আয় দিয়েই চলত অসুস্থ বাবার চিকিৎসা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশাহারা তাঁর বৃদ্ধ বাবা মোস্তফা শেখ।গত বৃহস্পতিবার রাতে হোটেলে ঢুকে ছুরিকাঘাত করে নাঈমুর রহমানকে (২৩) হত্যা করা হয়। এ সময় নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক, কর্মীসহ আরও চারজন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আজ শনিবার সকালে নাঈমুরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীরা তাঁর শোকে মুহ্যমান।
গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁর লাশ বাড়িতে আনা হয়।
সূত্র: প্রথম আলো