পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন প্রচারণাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, শ্রমিকদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার পরও দেশের ব্যবসা-বাণিজ্য অন্যত্র চলে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে। এটি সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রচারণার অংশ।
রিজভী বলেন, ‘শ্রমিক আন্দোলনে আমাদের এক্সপোর্ট অন্য দেশে চলে যাচ্ছে—এর তথ্য কোথায়? সরকার খুব দ্রুতগতিতে বিষয়টি সমাধান করেছে। শ্রমিকদের সঙ্গে বসে তাঁদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে ব্যবস্থা নিয়েছে।
এরপরও ব্যবসা-বাণিজ্য সব উঠে গেল বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত প্রচার।’আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এ কথা বলেন।প্রশাসন ও গণমাধ্যমে বিগত সরকারের ‘দোসররা’ অবস্থান নিয়ে বর্তমান সরকারের জনমুখী কর্মকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।তবে বিগত সরকারের আমলে নির্যাতন, নিপীড়ন ও আত্মগোপনে থাকার সময় যেসব সাংবাদিক বিএনপির বক্তব্য তুলে ধরেছিলেন, তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রিজভী।
সূত্র: প্রথম আলো