‘পিএসসি এক বছরে একটি বিসিএস শেষ করবে, এ প্রতিশ্রুতিতে আমরা আস্থা রেখেছিলাম। প্রিলিমিনারি পর দুই মাসের কম সময়ের মধ্যে এক হাজার নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়েছে। আমাদের অসুবিধা হয়েছে, তারপরও বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা পরীক্ষা দিয়েছি। সবকিছু ঠিকঠাক চলছিল। মৌখিক পরীক্ষা শেষে আমরা আশা করেছিলাম যে এক সপ্তাহের মধ্যে ফলাফল দেবে। কিন্তু এখন নানা ধরনের কথা শোনা যাচ্ছে, নানা ধরনের গুজব ছড়াচ্ছে।
আমরা কোনো ধরনের সময়ক্ষেপণ চাই না।
অবিলম্বে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে।’ আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষোভ ও হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলপ্রত্যাশী এক প্রার্থী।বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বর ২০২৬ নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরও ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত না হওয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রার্থীরা।
সূত্র: প্রথম আলো