প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের বর্তমান সাড়ে ৯ শতাংশ নীতি সুদহারকে যৌক্তিক মনে করে না সরকার। এই সুদহার কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন।’ তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না সরকার। এ কারণে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটিকে এ বিষয়ে কোনো নির্দেশনাও দেওয়া হচ্ছে না।
বরং রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের মাধ্যমে সুদহার কমানোর চেষ্টা চলছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘অর্থকণ্ঠ’ আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। মূল্যস্ফীতির চেয়ে সুদহার কম হতে পারে কি না, সে প্রসঙ্গে জাপানের উদাহরণ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি বলেন, জাপানে মূল্যস্ফীতি ৩ শতাংশ হলেও সুদহার ১ শতাংশ।প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, বিনিয়োগের স্বার্থে ঋণের সুদহার কমানোর চেষ্টা করছে সরকার।
সূত্র: প্রথম আলো