বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করতে চায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।
এ জন্য দেশে পয়েন্ট অব প্রেজেন্স (পপ) স্থাপন, আন্তর্জাতিক ব্যাকবোন নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযোগ এবং স্থানীয় ইন্টারনেট ও মোবাইল অপারেটরদের সঙ্গে বিনা মাশুলে ডেটা আদান-প্রদানের অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি।সম্প্রতি মেটার পক্ষে এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫-এর আওতায় মোট তিনটি বিষয়ে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি।চিঠিতে মেটা জানিয়েছে, এই আবেদন পুরো টেলিযোগাযোগ খাতের জন্য লাইসেন্স থেকে অব্যাহতি চাওয়ার উদ্দেশ্যে নয়।
সূত্র: প্রথম আলো