ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। আজ শনিবার বিকেলে পুলিশ প্লাজা অংশ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ১০টি নৌকা দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের হয়ে অংশ নেওয়া বালু নদ দল। প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান।
ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধনের পর তিনি বলেন, ঢাকা উত্তর সিটি উন্নয়নমূলক কাজের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশানিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তাঁরা এমন একটি ঢাকা গড়ে তুলতে চান, যেখানে নাগরিকেরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং স্বচ্ছন্দে বসবাস করতে পারবেন।শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করার চেষ্টা চলছে।
নগরকে পরিষ্কার, আধুনিক ও বাসযোগ্য করে তোলা তাঁদের নৈতিক দায়িত্ব।
সূত্র: প্রথম আলো