কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে আগুন দিতে আসা ব্যক্তিদের সঙ্গে ধরগাঁও গ্রামের কিছু বাসিন্দার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাবিবুর রহমান পলাতক। বর্তমানে তাঁর বাড়িতে তত্ত্বাবধায়ক ছাড়াও স্বজনেরা থাকেন।হাবিবুর রহমানের স্বজনেরা অভিযোগ করেন, সন্ধ্যা ছয়টার দিকে ১৫০ থেকে ২০০ জন ওই বাড়িতে আসেন। পরে তাঁরা বাড়ির ড্রয়িং রুম ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় এলাকার কিছু লোক দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া দেন।
পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে কয়েকটি মোটরসাইকেল মাটিতে পড়ে থাকে।
সূত্র: প্রথম আলো