বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাদক কারবারিদের’ দুটি পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এর আগে গত বৃহস্পতিবার রাতে মিয়ানমার সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় গোলাগুলির এই ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. শাহজাহান। তিনি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে।
গোলাগুলির সময় শামশুল আলম (৪০) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক শনিবার রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি পথ দিয়ে ইয়াবার বড় একটি চালান আনার সময় আরেকটি গোষ্ঠী চালানটি লুট করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, গুলিবিদ্ধ দুজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো