ইউটিউব ও ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা করতে ভিডিও নির্মাতাদের জন্য একাধিক নতুন সুবিধা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। নতুন সুবিধাগুলোর মাধ্যমে নির্মাতারা সরাসরি এক্স থেকেই ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রকাশ করতে পারবেন। এ জন্য অন্য কোনো অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। এক্সের তথ্যমতে, ভিডিও তৈরির পাশাপাশি নিজস্ব আধেয় (কনটেন্ট) থেকে আয়ের সুযোগ বাড়াতে সহায়তা করবে নতুন সুবিধাগুলো।
এসব সুবিধার বেশির ভাগই স্বল্পদৈর্ঘ্যের ভার্টিক্যাল ভিডিও তৈরি ও সম্পাদনার সঙ্গে সম্পর্কিত। ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ভিডিও নির্মাতাদের আকৃষ্ট করতেই এসব উদ্যোগ নিয়েছে এক্স।নতুন সুবিধাগুলোর অন্যতম হচ্ছে উন্নত মিডিয়া এডিটর। মিডিয়া এডিটরটির মাধ্যমে এক্স অ্যাপ থেকেই সরাসরি বিভিন্ন ফরম্যাটে উন্নত রেজোল্যুশনের ভার্টিক্যাল ভিডিও তৈরি করা যাবে।
শুধু তা–ই নয়, ভিডিও ধারনের সময় একাধিক অংশে ভাগ করার পাশাপাশি গ্রিন স্ক্রিন ব্যবহার করে ভিডিওতে ভিন্ন পটভূমিও যুক্ত করা যাবে।
সূত্র: প্রথম আলো