বন্য হাতির তাণ্ডব থেকে কষ্টার্জিত ফসল রক্ষা করতে অভিনব পন্থা অবলম্বন করে মানবিকতা ও পশুপ্রেমের নজির গড়লেন আসামের গ্রামবাসীরা। শুধু হাতির খাদ্যের সংস্থানের জন্যই জঙ্গলসংলগ্ন জমিতে তাঁরা ধান চাষ করলেন। অভিনব এ উদ্যোগের সুফলও পাওয়া গেছে হাতেনাতে।নিজেরা ঘরে তুলবেন না জেনেও প্রায় ১০০ বিঘা জমিতে বন্য হাতিদের জন্যই ধান চাষ করছেন আসামের গোলাঘাট জেলার কৃষকেরা।
নামবর বন্য প্রাণী অভয়ারণ্যের ঠিক বাইরে থুরামুখ এলাকায় তৈরি করা এ বিশেষ ‘ফুড জোন’ বা খাদ্যভান্ডার এখন এলাকার মানুষ ও বন্য প্রাণীর সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।সাধারণত নভেম্বর ও ডিসেম্বর মাসে খেতে ধান পাকতে শুরু করলে খাবারের সন্ধানে অভয়ারণ্য–সংলগ্ন লোকালয়ে এসে হানা দেয় দামাল হাতির পাল।
এ নিয়ে বছরের পর বছর চলতে থাকা বন্য প্রাণী বনাম মানুষের সংঘর্ষে শুধু যে ব্যাপক ফসলহানি হতো এমন নয়, সেই সঙ্গে হাতির তাণ্ডবে প্রাণহানির ঘটনাও ঘটত প্রায়ই।
সূত্র: প্রথম আলো