সময়টা ২০০৭। সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমল। ঢাকার ফুটপাতগুলোর চিরচেনা চেহারা একেবারে পাল্টে গেল। রাস্তা ও ফুটপাত থেকে হকার ও দোকানিদের উচ্ছেদ করা হলো। হকারহীন ফুটপাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের নানা আয়োজন চলল। রাস্তার পাশের গাছের গোড়াগুলো সাদা চুন আর লাল রঙে রাঙানো হলো। হাঁটতে-চলতে স্বস্তি ও আরাম।বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিও তখন প্রতিকূলে।
যুক্তরাষ্ট্রের আবাসন খাতে সংকট ও সাবপ্রাইম মর্টগেজ ঋণের বিপর্যয় থেকে আর্থিক সংকট (বছর শেষে এই সংকটই মন্দা ডেকে আনে) শুরু হয়েছে। বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়তেও শুরু করেছে। খরার কারণে সেবার দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশে ধানের উৎপাদন কমে গিয়েছিল। দেশে চালের দাম দফায় দফায় বেড়েছিল। সে বছর জুলাই মাসের শেষ দিকে বড় বন্যা শুরু হলো। আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সেই বন্যা চলল। দেশের প্রায় ৪২ শতাংশ এলাকা প্লাবিত হলো।
গ্রামীণ অর্থনীতি ব্যাপক ক্ষতি হলো।ঢাকা থেকে হকার উচ্ছেদ ও বন্যায় গ্রামীণ অর্থনীতির ক্ষতি দুটি অভিঘাতই এসেছিল একই সময়ে।
সূত্র: প্রথম আলো