বিদ্যমান হজ এজেন্সিগুলোর কার্যক্রম যাচাই-বাছাই করে ন্যায়সংগতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ধর্ম মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা নিয়ে আলোচনা হয়।
হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।বৈঠকে মডেল মসজিদে বিদ্যুতের সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো