কুমিল্লার তিতাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা, হট্টগোলের পাশাপাশি পুলিশের গাড়ি আটকে দেওয়ার ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেলে তিতাস থানায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ব্যক্তিকে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. গিয়াস উদ্দিন সরকার (৫৪)।
তিনি উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সদস্য বলে পুলিশ জানিয়েছে।
তবে জামায়াতের নেতাদের দাবি, গিয়াস উদ্দিন জামায়াতের কর্মী এবং বলরামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক।থানা–পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গিয়াস উদ্দিন ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
সূত্র: প্রথম আলো