রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব শায়লা ফারজানাসহ (৫৬) তিনজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর দুজন হলেন—শায়লার ভাই মো. রেজাউল আলম (শাহিন) (৫৩) ও বুলবুল মিয়া (৪৬)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা বিভাগের পরিদর্শক গোলাম মর্তুজা আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করেছেন। প্রথমে তিনি আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান পিয়াসের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।আবেদনে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের সময় অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্রে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
সূত্র: প্রথম আলো