দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের জন্য সবচেয়ে সুখের ছবিটা খুঁজতে হলে আপনাকে ফিরে যেতে হবে ২০২২ সালের মার্চে। সেঞ্চুরিয়নে কাগিসো রাবাদার বলটা কাট করে পয়েন্ট দিয়ে চার মেরে দিলেন সাকিব আল হাসান। অপরাজিত ৮৭ রান করে ম্যাচটাকে ওই পর্যন্ত নিয়ে আসা যাঁর কৃতিত্বে, নন–স্ট্রাইকিং প্রান্ত থেকে ততক্ষণে সেই তামিম ইকবালও চলে এসেছেন সাকিবের কাছে। জয়ের আনন্দে সাকিবকে জড়িয়ে ধরলেন তামিম। ২৭তম ওভারেই ৯ উইকেটের সহজ জয়।
তাতে সবচেয়ে বেশি অবদান যাঁর, সেই তাসকিন অবশ্য তখন মাঠের দৃশ্যপটে নেই। বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৪ রানের মধ্যে আটকে দেওয়ার কাজটা মূলত তাঁর হাত ধরেই। এরপর জয় ছিল সময়ের ব্যাপার। সেই জয় শুধু ম্যাচ জয় নয়, সিরিজ জয়ও। সেবার তিন ওয়ানডের সিরিজে সেঞ্চুরিয়নেই প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে হারার পর শেষ ম্যাচে সেঞ্চুরিয়নে ফিরে আবার জয়, সিরিজ জয় ২–১ ব্যবধানে।সেই রাতে টিম হোটেলে ফিরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের উৎসব বাংলাদেশ দল করেছিল বারবিকিউ পার্টি করে, বিসিবির ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণায় যেটিতে আনন্দের মাত্রা বেড়ে গিয়েছিল কয়েক গুণ।হঠাৎ সাড়ে চার বছরের বেশি সময় আগে ফিরে সুখস্মৃতি হাতড়ানোর কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
সূত্র: প্রথম আলো