তখন বেলা গড়িয়ে গেছে অনেক দূর। হেমন্তের বিকেল, গাছের ছায়া পড়েছে হাওরপারের ভেসে ওঠা জমিনে। চারদিকে শান্ত নরম হাওয়া। হাওরের গ্রাম থেকে অনেকটা দূরে জল সরে মাটি ভেসে উঠছে। জলের বুকে জেলেদের ডিঙিনৌকাগুলো ভাসছে। তারা তখন মাছ ধরায় ব্যস্ত। ‘কাউয়াদীঘি হাওর’—এত দিনের জল–থইথই চেহারাটি এখন বদলে নিয়েছে, বদলে চলছে। তরতর করে পানি নিচে নামছে আর ভেসে উঠছে ফসলের জমি। তাতে শেষবেলার সূর্যের আলো পড়ছে।
সাদা বকের ঝাঁকের ওড়াউড়ি, জলে হাঁসের সাঁতার, মাছ ধরা নৌকা হাওরকে অপরূপ করে তুলেছে। মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর এখন এতটাই চুপ, শান্ত হয়ে আছে।গত শনিবার বিকেলের দিকে হাওরাঞ্চলে প্রবেশের পরই টের পাওয়া যায়, গ্রামগুলোর মাঠ পানির তল থেকে এরই মধ্যে অনেকটা ভেসে উঠেছে। জমিতে জলকাদায় সেঁটে থাকা সাদা শাপলা ফুটেছে। বাড়ির আশপাশে কৃষকেরা বোরো ধানের চারা জমি প্রস্তুত করছেন।
হাওরের মৌলভীবাজার সদর উপজেলার কাদিপুর, জুমাপুর এবং রাজনগর উপজেলার অন্তেহরি গ্রামের এলাকায় এখন হেমন্তের সময়টা এ রকমই।কাদিপুর ও অন্তেহরি এলাকায়—গ্রাম থেকে অনেকটা দূরে হাওর এখনো জলের শরীর নিয়ে ভেসে আছে।
সূত্র: প্রথম আলো