গোপালগঞ্জের মতো শরীয়তপুরেও সরকারি স্থাপনায় হামলা হতে পারে। পুলিশ ও সরকারের একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরীয়তপুরে বিভিন্ন থানা, পৌরসভা কার্যালয়, কারাগার, বিএনপি কার্যালয়, বিদ্যুৎকেন্দ্রে অগ্নিসংযোগ ও হামলার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বাড়তি সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে শরীয়তপুরের বিভিন্ন সরকারি দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনের ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর প্রথম দিন রোববার শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। ভোরে এই সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হন।আগামীকাল সোমবার কর্মসূচির শেষ দিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জের মতো শরীয়তপুরেও সরকারের অবস্থান একই থাকবে।
সূত্র: প্রথম আলো