রাজধানীর মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ মো. শাহীন (৩৫) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে মোহাম্মদপুরের বছিলা তিন রাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বছিলা তিন রাস্তার মোড়ে নাশকতার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা একত্র হচ্ছেন বলে গোপন সূত্রে মোহাম্মদপুর থানা-পুলিশ খবর পায়।
আজ ভোর আনুমানিক ৬টা ৫ মিনিটে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে নাশকতাকারীরা দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন।এ সময় পুলিশ ধাওয়া করে মো. শাহীনকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমাসহ গ্রেপ্তার করে।
সূত্র: প্রথম আলো