চার সপ্তাহের বেশি সময় ধরা চলা পোশাকশ্রমিকদের আন্দোলনের পর তৈরি পোশাকশিল্পের পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল শনিবার রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভার এলাকার বেশির ভাগ পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন হয়। তবে বন্ধ থাকা অর্ধশতাধিক কারখানা পুরোদমে উৎপাদনে ফেরেনি ওই দিন। আজ রোববার পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। তাতে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমে এসেছে।
কারখানা খুলতে পারায় ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভার–আশুলিয়ার পোশাকশিল্পের মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও কারখানাভেদে তিন সপ্তাহ পর্যন্ত উৎপাদন ব্যাহত হয়েছে এসব এলাকার কিছু কিছু কারখানায়। উৎপাদন বন্ধের সেই ক্ষতি কীভাবে সমন্বয় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন এসব কারখানার মালিকেরা। একাধিক শিল্পমালিক বলেন, বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলো সময়মতো পণ্য চাইছে। কোনো কোনো প্রতিষ্ঠান সময় দিলেও তা পর্যাপ্ত নয়।
ফলে উৎপাদন ও পণ্য জাহাজীকরণে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে।শিল্প পুলিশ ও তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যানুযায়ী, শনিবার ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভার–আশুলিয়ার ৩৭টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল।
সূত্র: প্রথম আলো