বাংলাদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলকাতার যে ফ্ল্যাটে থাকতেন, সেটি কিনতে আগ্রহ দেখিয়েছেন তাঁর নাতনি মিষ্টি কাজী। শনিবার কলকাতা পুরনিগমের আধিকারিকেরা জানান, তিনি পুরনিগমের প্রশাসক স্মিতা পাণ্ডের সঙ্গে দেখা করে এই আবেদন জানিয়েছেন।১৯২০ সাল থেকে কলকাতায় দীর্ঘদিন ভাড়াবাড়িতে ও পরিচিতদের সঙ্গে থাকলেও বিদ্রোহী কবির নিজস্ব কোনো বাসা ছিল না।
৫এ ক্রিস্টোফার রোডের সিআইটি আবাসনে ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি।নজরুলপুত্র প্রয়াত কাজী সব্যসাচীর মেয়ে মিষ্টি কাজী জানান, ভারতের মাটিতে এটাই ছিল তাঁর দাদুর শেষ ঠিকানা। এই বাসা থেকেই বাংলাদেশে যান নজরুল। বাবার স্বপ্ন পূরণ করতেই তিনি ফ্ল্যাটটি কিনতে চান। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ফ্ল্যাটের একটি ঘরে দাদুর ব্যবহার্য জিনিসপত্র সাজিয়ে রাখা হবে এবং অন্য ঘরে তিনি নিজে বাস করবেন।
পাশাপাশি প্রতিবছর কবির স্মরণে অনুষ্ঠান এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাও করতে চান মিষ্টি কাজী।ইতিহাস বলছে, এই বাসা থেকেই নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং ১৯৬৭-৬৮ সালে এখানেই ‘অগ্নিবীণা’ সংস্থাও গড়ে ওঠে, যার প্রথম সম্পাদক ছিলেন কাজী সব্যসাচী।
সূত্র: প্রথম আলো