সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে শাহেদের লাশ গ্রহণ করেন তাঁর স্ত্রী কহিনুর আক্তার।
পরে তাঁরা লাশবাহী গাড়িতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের উদ্দেশে রওনা হন।১০ অক্টোবর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত হন বাংলাদেশি কর্মী শাহেদ আহম্মেদ। তাঁর বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাঁর বাবা সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলাম এবং মা শাহেরা বেগম গৃহিণী। শাহেদের দুই ছেলে—কাওছার ও আবদুল্লাহ।
তাদের বয়স যথাক্রমে ১১ ও ৬ বছর।শাহেদ সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন।
সূত্র: প্রথম আলো