ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সম্প্রতি একটি পূজামণ্ডপে স্বাধীনতাসংগ্রামীদের সঙ্গে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবি প্রদর্শনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।মহিষাদলের মাইকো ক্লাবের পক্ষ থেকে এই দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। এ বছর ক্লাবের ৫০তম বর্ষে দুর্গাপূজার থিম ছিল ‘প্রতিচ্ছবি’।
সেই কারণে পূজামণ্ডপে বিশিষ্ট মনীষী ও দেশের স্বাধীনতাসংগ্রামীদের ছবি প্রদর্শিত হয়েছিল।ক্লাব আয়োজিত সেই প্রদর্শনীতে রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরামের মতো বিশিষ্ট ব্যক্তি ও নেতাদের পাশাপাশি গডসের ছবিও প্রদর্শন করা হয়েছে।
শুধু তা–ই নয়, মণ্ডপে একই সারিতে গান্ধী ও তাঁর হত্যাকারী গডসের ছবি রাখা হয়েছিল।১৯৪৮ সালে মহাত্মা গান্ধীকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া নাথুরাম গডসের ছবি কীভাবে তাঁর সঙ্গে একই জায়গায় ঠাঁই পেল, তা নিয়ে দর্শনার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো