অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে ভারতের গুজরাট রাজ্যের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। নির্দেশিকা জারি করে সরকার জানিয়েছে, রাজ্যের ৪৬ হাজার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো ‘বহিরাগত’ প্রবেশ করতে পারবেন না। এমনকি পড়ুয়াদের মা–বাবা–অভিভাবকেরাও নন।
স্কুলের ভেতরে যেতে হলে তাঁদেরও কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।শুধু প্রবেশই নয়, কোনো বহিরাগত স্কুলের শ্রেণিকক্ষ, দালান এমনকি শৌচাগারের ছবি তুলতে পারবেন না। ভিডিও করতে পারবেন না। পড়ুয়া বা শিক্ষকদের সঙ্গে কথাও বলতে পারবেন না।কেন এই নিষেধাজ্ঞা, তার সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিরাপত্তা, সম্মান, গোপনীয়তা রক্ষা করা বিদ্যালয়ের কাজ। পড়ুয়াদের মঙ্গলের দায়িত্বও স্কুল কর্তৃপক্ষের।
কোনোভাবে তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না।নির্দেশিকায় এ কথাও বলা হয়েছে, এই নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ‘পকসো’ (প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট, ২০১২) আইনসহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো