ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত অভিযোগে থানায় নেওয়া চারজনকে পরিবারের জিম্মায় দিয়েছে শাহবাগ থানা–পুলিশ। আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।ওসি মনিরুজ্জামান বলেন, ‘আজ সকালে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা–সাড়ে ১২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, আমাদের কমিশনার স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় উপস্থিত ছিলেন।’তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা বা তাঁদেরকে পরিবারের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত আমি দিতে পারব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় উপস্থিত হয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
পরে আটক হওয়া চারজনকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’গতকাল থানায় নিয়ে যাওয়া চারজনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মনিরুজ্জামান মনির প্রথম আলোকে জানান, তাঁদের আটক করা হয়নি; বরং নিরাপত্তার স্বার্থেই থানায় নিয়ে গিয়েছিল পুলিশ।
সূত্র: প্রথম আলো