ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের গোপন তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ‘সিরিউসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। গ্রাহকদের তথ্য ফাঁসের কথা স্বীকারও করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক।
হ্যাকাররা যেসব তথ্যের নিয়ন্ত্রণ নিয়েছে, তার মধ্যে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, ঋণের আবেদন, অ্যাকাউন্ট খোলার নথিপত্র প্রভৃতি রয়েছে।স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আজ শুক্রবার জানিয়েছে, যেসব গ্রাহক এই তথ্য চুরির শিকার হয়েছেন, তাঁদের প্রত্যেককে ই–মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
একই সঙ্গে এক বিবৃতিতে এসবিআই বলেছে, ‘আমরা আবারও নিশ্চিত করছি যে আপনাদের অ্যাকাউন্ট এবং তহবিল আমাদের কাছে সম্পূর্ণ সুরক্ষিত আছে।’ গ্রাহকের সংখ্যার হিসাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভারতের প্রধান এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্যাংক।
সূত্র: প্রথম আলো