মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্য গ্রহণ ও পানি পান করা অপরিহার্য, তেমনি মলমূত্র ত্যাগ করাও একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রয়োজন। আমরা যাঁরা বাড়িতে, ফ্ল্যাটে কিংবা ভাড়া বাসায় থাকি, প্রয়োজন হলেই বাথরুমে যেতে পারি। সেখানে পানি, হাত ধোয়ার ব্যবস্থা ও ব্যক্তিগত গোপনীয়তা থাকে। কিন্তু যাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই, যাঁরা ফুটপাত কিংবা খোলা আকাশের নিচে রাত কাটান, তাঁদের প্রয়োজন হলে কোথাও যাওয়ার উপায় আছে?
বিশেষ করে একজন গৃহহীন নারী বা কিশোরী কীভাবে জনাকীর্ণ শহরে নিরাপদে ও মর্যাদার সঙ্গে এই প্রয়োজন মেটাবেন? আমরা কি কখনো ভেবে দেখেছি, ঢাকা শহরের গৃহহীন মানুষগুলো কোথায় মলমূত্র ত্যাগ করেন?প্রশ্নটি শুনতে অস্বস্তিকর। কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের নগর-পরিকল্পনা, মানবিকতা ও জনস্বাস্থ্যের গভীর সংকট। ফুটপাত, রেলস্টেশন, পার্ক, বাজার, রেললাইনের আশপাশ এবং বিভিন্ন স্থাপনার নিচে অসংখ্য মানুষ রাত কাটান।
অনেক শিশুর জন্ম ও বেড়ে ওঠা এই রাস্তাতেই।
সূত্র: প্রথম আলো