ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় ওই জিডি করা হয়।
তবে বিষয়টি গতকাল শুক্রবার সন্ধ্যার পর জানাজানি হয়।জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, থানায় যাঁরা এসেছিলেন, তাঁদের তালিকাও করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের ভাষ্য, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে সরাইল থানার ওসির দূরত্ব তৈরি হয়েছে। সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দেন না।
এমনকি তাঁদের ফোনও ধরেন না।
সূত্র: প্রথম আলো