এক দলে পাঁচ সাফজয়ী ফুটবলার। অন্য দলে সম্ভাবনাময় একঝাঁক তরুণী। শক্তি আর অভিজ্ঞতার পাল্লা তাই আগে থেকেই হেলে ছিল এক দিকে। মাঠেও বদলায়নি সেই হিসাব; বরং টাঙ্গাইলের দুই দলের লড়াইটা হয়ে উঠল একপেশে।প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ঢাকা আঞ্চলিক পর্ব থেকে প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি।
আজ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে প্রথম আঞ্চলিক ফাইনালে টাঙ্গাইলেরই মোনালিসা উইমেনস স্পোর্টস একাডেমিকে ৪-০ গোলে হারিয়েছে তারা।কৃষ্ণা রানী সরকার, মাছুরা পারভীন, নীলুফা ইয়াসমিন, মার্জিয়া ও সাথী বিশ্বাস— পাঁচ সাফজয়ী ফুটবলারকে নিয়ে গড়া ফরহাদ হোসেন একাডেমির এমন দাপট অবশ্য অপ্রত্যাশিত নয়। দলের অধিনায়ক কৃষ্ণা।
কাগজে-কলমে এই একাডেমিতে নিবন্ধিত আছেন সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়ার মতো তারকারাও।
সূত্র: প্রথম আলো