সেই চেনা ছক, সেই পরিচিত প্যাটার্ন। ইউসুফ পাঠানকে আর বিনিদ্র রজনী কাটাতে হবে না। সাড়ে ১৪ কাঠারও বেশি জমির ওপর বাড়ি ও বাগান এখন আইনত তাঁর। এ জমি নিয়ে আর কেউ কখনো তাঁকে ঘাঁটাবে না। জমি হাতছাড়া হওয়ার ভয়ও আর রইল না।সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নিস্তরঙ্গ জীবনে হঠাৎই দুশ্চিন্তার কালো মেঘ ছেয়েছিল ২০২৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হওয়ার পর।
গুজরাটের বরোদা শহরে তাঁদের পারিবারিক বাড়ির লাগোয়া যে জমি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ঝামেলা চলছিল, সেটি খালি করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাঠায় বরোদা পৌরসভা।সেই থেকে মামলা–মোকদ্দমা নিয়ে জেরবার হচ্ছিলেন পাঠান। অবশেষে আজ তিনি চিন্তামুক্ত।
গতকাল শুক্রবার বরোদা পৌরসভার স্ট্যান্ডিং কমিটি সর্বসম্মতভাবে ঠিক করেছে, জবরদখলের অভিযোগ থেকে মুক্ত করে জমিটি পাঠানের হাতেই তুলে দেওয়া হবে।৪৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার এই পুরস্কার পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার পর।
সূত্র: প্রথম আলো