এক ম্যাচে নমন ধীর, পরের ম্যাচে তিলক বর্মা। নিউজিল্যান্ডের বোলারদের যেন স্বস্তি নেই! আগের ম্যাচে ১৫ বলে অপরাজিত ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন ধীর। এবার তাঁর দেখানো পথেই হাঁটলেন তিলক। তবে কাজটা করতে হলো আরও কঠিন পরিস্থিতিতে।
দল যখন প্রায় হারের মুখে, তখনই ব্যাট হাতে ত্রাতা হয়ে এলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে তিলকের ২৬ বলে অপরাজিত ৫১ রানের দুর্দান্ত ইনিংসে ৪ উইকেটের জয় পেয়েছে ভারত। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরা। শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৪৬ রান। এমন কঠিন সমীকরণও মিলিয়ে ফেললেন তিলক ও নীতীশ কুমার রেড্ডি।
সপ্তম উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।এই জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।অথচ ম্যাচের একটা বড় সময় পর্যন্ত পাল্লা ভারী ছিল নিউজিল্যান্ডের দিকেই।
সূত্র: প্রথম আলো