ধুলায় জমে আছে পুরোনো বই, পত্রিকা, ম্যাগাজিন ও হাতে লেখা পুঁথি। পাতায় পাতায় ছড়িয়ে আছে অতীতের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের নানা স্মৃতি। সময়ের ব্যবধানে দুর্লভ হয়ে ওঠা এসব সংগ্রহের ধুলাবালু পরিষ্কার করে সযত্নে সাজিয়ে দিয়েছেন কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।
ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান নিদর্শন সংরক্ষণে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।২৪ অক্টোবর কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় কসাইখানা কালভার্ট-সংলগ্ন ‘ওল্ড কালেকশন’ গ্রন্থশালায় এ কার্যক্রম চলে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা কর্মসূচিতে বন্ধুরা সংগ্রহশালায় থাকা বই, পত্রিকা, ম্যাগাজিন ও পুঁথি একে একে ঝেড়েমুছে পরিষ্কার করেন।
পরে ক্যাটালগ অনুযায়ী সেগুলো নির্ধারিত শেলফে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখেন।
সূত্র: প্রথম আলো