তুরস্কে সাংবাদিকদের ওপর চাপ বাড়ছে। তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে সংবাদমাধ্যম। পাশাপাশি সংবাদমাধ্যমে সরকারি প্রশাসক বসানো হচ্ছে। এসবের প্রতিবাদে শনিবার তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারা শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিরোধী দলের প্রতিনিধিরা। ‘যথেষ্ট হয়েছে। আমরা আর শ্বাস নিতে পারছি না।’—এমন স্লোগান দেন তাঁরা।
২০১৬ সালে তুরস্কে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়। এরপর থেকেই দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হতে থাকে। কমতে শুরু করে। ব্যাপকভাবে মামলা দেওয়া হয়। পাশাপাশি অনলাইনে তথ্য ও মতপ্রকাশের ওপর সেন্সরশিপ আরোপ করা হয়েছে।মানবাধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ আরও বেড়েছে। তুরস্কের সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, গত দুই মাসে ১১ জন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে।
বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।আজকের বিক্ষোভে পুলিশের তথ্যমতে, ইস্তাম্বুলের এশীয় অংশে অন্তত তিন হাজার মানুষ জড়ো হন।
সূত্র: প্রথম আলো