কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরাল্লি’র সাফল্যের গল্পটা যেন সিনেমারই গল্প। মাত্র আড়াই থেকে তিন কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে আয় করেছে ১১০ কোটি টাকা। অথচ একসময় ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে নির্মাতাদের। কেউ বিনিয়োগে রাজি হননি, আবার মুক্তির দিনও শেষ মুহূর্তে কয়েকটি প্রেক্ষাগৃহে বাতিল হয়েছিল প্রদর্শনী। সেই ছবিই এখন কন্নড় চলচ্চিত্রের অন্যতম বড় ব্যবসায়িক চমক।
নির্মাতাদের দাবি, ছবিটি ফিরিয়ে দেওয়া প্রযোজকেরাই এখন পরিচালকের সঙ্গে দেখা করতে আগ্রহী। সিনেমাটির এই অবিশ্বাস্য যাত্রার কথা সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের বিনোদনবিষয়ক সাময়িকী স্ক্রিন-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন চিত্রগ্রাহক রাজকান্ত এস কে। তাঁর ভাষ্য, এক প্রভাবশালী প্রযোজককে আগেই সতর্ক করেছিলেন তিনি। বলেছিলেন, ছবিটি ফিরিয়ে দিলে একদিন অনুতাপ করতে হবে।
মুক্তির পর ছবিটি আলোচনায় আসতেই সেই প্রযোজক পরিচালকের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিতে তাঁকে ফোন করেন।
সূত্র: প্রথম আলো