নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর ঈদগাও মাঠে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। এ ঘটনায় আজ রোববার দুপুরে ওই তরুণী বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।মামলায় গ্রেপ্তার তরুণেরা হলেন উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের বিল্লাল মিয়া (২২), হারুন মিয়া (২৭) ও রুবেল মিয়া (২৬)।
তাঁদের মধ্যে বিলাল মিয়া পেশায় ছোট লরির চালক, হারুন মিয়া লরির মালিক ও রুবেল মিয়া চালকের সহযোগী। এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তাঁর সঙ্গে বিল্লাল মিয়ার এক বছর ধরে প্রেম ছিল। গতকাল সকালে বিল্লাল ওই তরুণীকে ফোন করে বিয়ের কথা বলে ঈশ্বরগঞ্জ বাজারে আসতে বলেন। তরুণী পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে ১২ হাজার টাকা নিয়ে ঈশ্বরগঞ্জ বাজারে যান।
পরে বিল্লাল তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে কেন্দুয়ায় নিয়ে আসেন।এজাহারে আরও বলা হয়, কেন্দুয়ায় পৌঁছে বিল্লাল তরুণীকে তাঁর বড় ভাইয়ের একটি খালি বাসায় নিয়ে যান।
সূত্র: প্রথম আলো