শেয়ারবাজারে শেয়ারের তদারকি বা সার্ভেল্যান্সের কারণে যাতে বাজারে ভীতি না ছড়ায়, সে জন্য সুনির্দিষ্ট তথ্যভিত্তিক সার্ভেল্যান্সের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে অহেতুক সার্ভেল্যান্সের বদলে তথ্যভিত্তিক সার্ভেল্যান্সের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার সকালে ডিএসইর শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।বিএসইসি ও ডিএসই সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কিছু কোম্পানির শেয়ারের বিষয়ে তদন্তের উদ্যোগে বাজারে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। এতে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে বিনিয়োগ তুলে নেন; যার বড় ধরনের প্রভাব পড়ে বাজারের লেনদেন ও শেয়ারের দামে।
কারণ, তদন্তের অংশ হিসেবে ডিএসইর পক্ষ থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউসে নানা ধরনের তথ্য চেয়ে দফায় দফায় চিঠি দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো