মাটির পাখি, মাটির গাছপালা, মাটির মানুষ। শুধু মাটি দিয়েই এক মনোরম শিল্পের জগৎ নির্মাণ করেছেন শিল্পী রেহানা ইয়াসমিন। এই দৃষ্টিনন্দন মৃন্ময় শিল্পসম্ভার সাজানো রয়েছে ২/৬ লালমাটিয়ার দ্য ইলুশনস গ্যালারিতে। সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গন আয়োজন করেছে ‘মাটির মায়া’ নামের ১২ দিন ব্যাপী এই ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪০টি। সব কটিই পোড়া মাটির। ‘টেরাকোটা’ নামেই যা পরিচিত।
তবে এই শিল্পকর্মগুলোর সঙ্গে প্রচলিত টেরাকোটার বৈশিষ্ট্যগত বড় পার্থক্য রয়েছে। টেরাকোটা সাধারণত হয়ে থাকে দ্বিমাত্রিক। মাটির ফলকের ওপর খোদাই করে বা ছাঁচে ফেলে রিলিফ পদ্ধতিতে নকশা বা বিশেষ কোনো অলংকার করা হয়। এরপর সেই ফলকগুলো পোড়ানো হয় আগুনে। রেহানা ইয়াসমিনের কাজগুলো প্রধানত ত্রিমাত্রিক। ভাস্কর্য যেভাবে তৈরি করা হয়, তেমন করেই তিনি কাদামাটি দিয়ে শিল্পকর্মগুলো তৈরি করেছেন। এরপর বিশেষ কায়দার পোড়ানো হয়েছে।
এ কারণে এই কাজগুলো হয়ে উঠেছে ভাস্কর্যের গুণসম্পন্ন।বরেণ্য চিত্রশিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী ২০ অক্টোবর সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন।
সূত্র: প্রথম আলো