আঞ্চলিক মহাসড়ক থেকে ইট বিছানো একটি রাস্তা গেছে গ্রামের দিকে। সেই রাস্তা ধরে মিনিট তিনেক যাওয়ার পর পাওয়া গেল রবিন রাংসার দোকান। সেখানে চা, বিস্কুট এবং কিছু মুদিপণ্য বিক্রি হয়।দোকানটির কাছেই ১৫ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে গুলি করে হত্যা করা হয় নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪৪)। ঘটনার সময় দোকানেই ছিলেন রবিন রাংসা।
তিনি গত শুক্রবার আমাদের কাছে ঘটনার বর্ণনা দেন।রবিন বলেন, সেদিন রাত আটটার দিকে তাঁর দোকান থেকে ছয়টি সিগারেট কিনেছিলেন আলিফ। দোকানের টেবিলে বসে একটি সিগারেট শেষ করেন। তারপর শ্বশুরবাড়ির দিকে যান। তাঁর শ্বশুরবাড়ি কাছেই। সেখানে তিনি বছর দুয়েক ধরে অনেকটা স্থায়ীভাবে বসবাস করছিলেন। যাওয়ার সময় ভুলে নিজের মুঠোফোনটি টেবিলে রেখে যান।রবিন আরও বলেন, তখন আরও দুজন ক্রেতা আসেন, সিগারেট কেনেন।
একজনের পরনে লুঙ্গি, অন্যজনের পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট।
সূত্র: প্রথম আলো