ময়মনসিংহের ভালুকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে বিএনপি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এক নারী। এর প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে ওই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আটক নারীর নাম সাথী আক্তার।
তিনি স্কয়ার মাস্টারবাড়ি এলাকার একটি বিউটি পারলারের মালিক।গতকাল বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই দুটি ভিডিওতে তাঁকে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা ওই নারীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন।
সূত্র: প্রথম আলো