সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিলেন সংস্কৃতিকর্মীরা। সে অনুযায়ী আজ সোমবার বিকেল চারটার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে জড়ো হয়েছিলেন তাঁরা। তবে পুলিশের বাধায় প্রতিবাদ কর্মসূচি করতে পারেননি সংস্কৃতিকর্মীরা। সেখান থেকে পুলিশ একজনকে আটক করে নিয়ে গেছে।
সংস্কৃতিকর্মীদের এই কর্মসূচি সামনে রেখে বেলা সাড়ে তিনটা থেকে পুলিশের শতাধিক সদস্যকে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজার এলাকায় অবস্থান নিতে দেখা যায়। বিকেল চারটার দিকে মীনা বাজারের সামনে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে কয়েকজন সাংস্কৃতিকর্মী জড়ো হন।
তাঁরা ‘দেশের নানা স্থানে বাউলগানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন তৌহিদি জনতার নামে সন্ত্রাসীদের হামলা ও আগ্রাসনের প্রতিবাদে’ মানববন্ধন করার জন্য সমবেত হন বলে জানান।এ সময় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখে একপর্যায়ে সুমনা ইসলাম নামের একজন নাট্যকর্মী পুলিশের কাছে এসে জানতে চান, তাঁরা সেখানে মানববন্ধন করতে পারবেন কি না।
সূত্র: প্রথম আলো