সবুজ চা-বাগানের বুক চিরে সকালের নরম রোদ যখন ধীরে ধীরে উঁকি দিচ্ছিল গাছের পাতার ফাঁকে, উদালিয়া চা-বাগানের মেঠো পথ ধরে হেঁটে আসছিল কালাপানি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছোট্ট শিশু প্রণব দাশ। পূজার ছুটির আনন্দ হয়তো ছিল, কিন্তু সেই আনন্দের পেছনে ছিল চা-শ্রমিক পরিবারের চিরচেনা এক করুণ নীরবতা।
কিন্তু স্কুলের চত্বরে পা রাখতেই প্রণবের ছোট্ট পৃথিবীটা যেন এক লহমায় বদলে গেল।তার ছোট্ট দুটো হাতের মুঠোয় তুলে দেওয়া হলো রঙিন একটি নতুন স্কুলব্যাগ, খাতা আর পেনসিল। বিস্ময়ে তাকিয়ে রইল সেই উপহারের দিকে, যেন নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছিল না। কত দিন হয়তো সে ছেঁড়া ব্যাগে বই ভরেছে, আধভাঙা পেনসিলে লেখার চেষ্টা করেছে; আর আজ সেই ছোট্ট বুকে আছড়ে পড়ল অসীম এক আনন্দের ঢেউ।
প্রণব এক হাতে ব্যাগটি বুকে চেপে ধরল, ঠিক যেমন মায়েরা পরম যত্নে তাঁদের সন্তানকে আগলে রাখেন।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ ২৫ অক্টোবর চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা গিয়েছিলেন ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে অবস্থিত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে।
সূত্র: প্রথম আলো