পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন রোধ এবং পদ্মা সেতু ও সেতুসংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট হয়েছে।
পদ্মা নদীসংলগ্ন সংশ্লিষ্ট এলাকায় প্রাথমিক কারিগরি পরিদর্শন পরিচালনার পাশাপাশি পদ্মা সেতু বা সেতুসংশ্লিষ্ট অবকাঠামো ঝুঁকিতে রয়েছে কি না, সে বিষয়ে প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া আবেদনকারী হয়ে রোববার রিটটি করেন।
এ তথ্য জানিয়ে সোমবার তিনি প্রথম আলোকে বলেন, বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে।পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো