কক্সবাজারের উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার মেরিন ড্রাইভের ইনানী গ্রামের একটি বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। ওই স্থানে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকেই দাউ দাউ করে আগুন জ্বলছে। বেলা একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বাড়ির আঙিনায় একটি গভীর নলকূপ বসানোর কাজের সময় গ্যাসের আগুন বেরিয়ে আসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্থানীয় সূত্র জানায়, ঢাকার একজন ব্যক্তি সম্প্রতি ইনানী গ্রামের ছোট সেতু এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির কিছু জমি কিনে নেন।
১০ থেকে ১৫ দিন আগে সেখানে একটি গভীর নলকূপ খনন করা হয়।
সূত্র: প্রথম আলো