ভালো চাকরি ও সচ্ছল জীবনের আশায় কম্বোডিয়ায় যান দুই বাংলাদেশি তরুণ। তাঁদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় প্রায় ছয় লাখ টাকা করে। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। এরপর পাঁচ হাজার মার্কিন ডলারে ‘বিক্রি’ করে দেওয়া হয় একটি স্ক্যাম সেন্টারে। সেখানে জোর করে অনলাইনে প্রতারণামূলক কাজে বাধ্য করা হতো তাঁদের। কাজ করতে না চাইলে চলত শারীরিক ও মানসিক নির্যাতন।
দুই তরুণকে কম্বোডিয়ায় পাচার ও প্রতারণার কাজে বাধ্য করার অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাওন মোল্লা (২৩) ও মো. সাকিব সরকার (২৬)।
তাঁদের বাড়ি গাজীপুরের পুবাইল এলাকায়।প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাতে সিআইডি জানায়, স্ক্যাম সেন্টারে অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে অস্বীকৃতি জানালে কিংবা সামান্য ভুল করলেও তাঁদের নির্যাতন করা হতো।
সূত্র: প্রথম আলো