বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরোনো বাণিজ্য মেলার মাঠটিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মাঠ বলে দাবি করছেন।মঙ্গলবার মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য চলমান মাটির গুণাগুণ পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলছিল।
দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এসে মাটি পরীক্ষাকাজের যন্ত্রাংশ এবং দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।শিক্ষার্থীদের দাবি, মাঠটির মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করা যাবে না। এ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করেছেন। মিছিলে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।মিছিল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এর মধ্যে ছিল ‘শেকৃবিয়ানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সচিবালয় না শেকৃবি, শেকৃবি শেকৃবি’, ‘টেক ব্যাক টেক ব্যাক’ প্রভৃতি।শিক্ষার্থীদের এই আন্দোলনে নেতৃত্বদাতাদের একজন আশিক আহমেদ।
সূত্র: প্রথম আলো