কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাহিত্য রচনা নিয়ে চলমান নানা তর্কবিতর্কের মধ্যেই ফ্রান্সে চালু হচ্ছে ভিন্ন ধরনের একটি পুরস্কার। ‘প্রি পাস্কাল দ্য লিতেরাত্যুর আইএ’ নামের এই আয়োজনে পুরস্কৃত করা হবে মানুষ ও এআইয়ের সহযোগিতায় তৈরি করা অপ্রকাশিত রচনাকে। তবে এআইয়ের ব্যবহার এ ক্ষেত্রে গোপন করার কোনো সুযোগ নেই; কীভাবে লেখাটি তৈরি হয়েছে, তা বিস্তারিত জানাতে হবে বিচারকদের।
ফরাসি প্রকাশনাশিল্পের সাময়িকী লিভ্র এবদো ১৬ অক্টোবর পুরস্কারটির খবর প্রকাশ করে। এর আগের দিন এক আলোচনায় উদ্যোগটির কথা জানান ফ্রান্সের জাতীয় বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রের গবেষক আলেক্সান্দ্র জেফেন। দার্শনিক ও গণিতবিদ ব্লেজ পাস্কালের নামে পুরস্কারটির নামকরণ করা হয়েছে।আয়োজকদের ঘোষণা অনুযায়ী, রচনা জমা দেওয়ার জন্য কোনো প্রকাশকের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন নেই। জাতীয়তার বাধাও নেই, তবে লিখতে হবে ফরাসি ভাষায়।
পাণ্ডুলিপির সঙ্গে দিতে হবে লেখার প্রাথমিক ধারণা এবং একটি কারিগরি বিবরণ।
সূত্র: প্রথম আলো