চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।
নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা আলাদা প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফারুক জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন।
তাঁর অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা কথা দিয়েও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।এরপর গত সোমবার রাতেই আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন ফারুক।
সূত্র: প্রথম আলো