চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখে হালকা লালচে দাগ রয়েছে। ব্যবহৃত দুটি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে।গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির সরকারি পুকুরপাড়সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরও বাসার পেছনের লোহার দরজা খোলা দেখে কয়েকজন ভাড়াটে ভেতরে যান। নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা ছিল। ঘরে ঢুকে তাঁরা বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ জানায়, নূর নাহার দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন।
প্রায় ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে তাঁর এক ছেলে মারা যান।
সূত্র: প্রথম আলো